সর্বশেষঃ

ডেঙ্গুসহ পানিবাহিত রোগ প্রতিরোধে মনপুরায় প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

মনপুরা (ভোলা) প্রতিনিধি : ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, মশার বিস্তার রোধ করি’—এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গুসহ পানিবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ভোলার মনপুরায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, মনপুরার আয়োজনে দেশব্যাপী পরিচ্ছন্নতা দিবসের অংশ হিসেবে প্রতি শনিবার তিন মাসব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

 

অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গুসহ পানিবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।

 

পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা শাখার সদস্যরা অংশ নেন।

 

এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা প্রশাসনের অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা তরিক চন্দ্র শীল। তিনি বলেন, ডেঙ্গুসহ পানিবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু প্রশাসনের উদ্যোগে নয়, প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

 

বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান সোয়েব বলেন, ‘ডেঙ্গু ও পানিবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সবাই সচেতন হলে এ ধরনের রোগের বিস্তার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।’

উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু ও পানিবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে। প্রতি শনিবার তিন মাসব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করার পাশাপাশি স্থানীয় জনগণকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।