বোরহানউদ্দিনে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে ডাকাতি মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর ওরফে জাকির কাজী (৪০)। তিনি বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর এলাকার সেকান্দার কাজীর ছেলে। বর্তমানে তিনি ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী এলাকার জয়গুপি ৮ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নূরবাগ-পাগলা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত এ অভিযানে নারায়ণগঞ্জ র্যাব-১১ সহযোগিতা করে।
বোরহানউদ্দিন থানার পুলিশ জানায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) মো. নাজির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।
পুলিশের দাবি, জিআর ৩৮৮/১৪ ও এস/সি ৯০/১৭ (পটুয়াখালী) মামলায় জাহাঙ্গীর ওরফে জাকির কাজীর বিরুদ্ধে দণ্ডাদেশ রয়েছে। দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৯৫ ধারায় দায়ের করা ডাকাতির মামলায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
পুলিশ আরও জানায়, জাহাঙ্গীরের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি সাজা পরোয়ানা মুলতবি রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
