সর্বশেষঃ

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান, মায়ানমারে পাচারের সময় ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

ভোলার তজুমদ্দিনে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকালে ১৬০ বস্তা ইউরিয়া সারসহ একটি স্টিলবডি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা সারের পরিমাণ ৮ হাজার কেজি, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ভোলার তজুমদ্দিন থানাধীন মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন।

অভিযান চলাকালে নদীতে সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রলারটি থেকে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬০ বস্তা বা ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত স্টিলবডি ট্রলারটিও জব্দ করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত ট্রলারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।