সর্বশেষঃ

নেশার টাকা না পেয়ে মা-বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক কারাগারে

বগুড়ার ধুনট উপজেলায় মা-বাবার কাছে নেশার টাকা না পেয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে ফিরোজ আলম (২৭) নামে এক মাদকাসক্ত ছেলেকে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। শনিবার (২২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ফিরোজ আলম উপজেলার গোপালনগর ইউনিয়নের চকমেহেদী গ্রামের বারু সেখের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে সে প্রায়ই বাবা-মায়ের সঙ্গে বিবাদে জড়াত এবং টাকা না পেলে দুর্ব্যবহার করত। এরই জেরে গত শুক্রবার সন্ধ্যায় নেশার টাকার জন্য সে নিজ ঘরে বাবা-মায়ের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় বাবা-মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে দেন। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে তরুণদের রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।