সর্বশেষঃ

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুর নিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারী ও শিশুর নিরাপত্তা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগের আগে ও পরে সমন্বিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি নারী ও শিশুকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার: নারী ও শিশুর নিরাপত্তায় আমাদের করণীয়’ শীর্ষক নাগরিক গোলটেবিল আলোচনা সভা-২০২৬-এ এ আহ্বান জানানো হয়। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন রোকেয়া সম্মাননা ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা।

আলোচক হিসেবে বক্তব্য দেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাকসুদুর রহমান। তিনি ভোলা জেলার জলবায়ু ঝুঁকির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, টেকসই বেড়িবাঁধের অভাবে প্রতিবছর নদীভাঙনে ভোলায় বহু মানুষ গৃহহীন হচ্ছেন। একই সঙ্গে নদী থেকে অবৈধ বালু উত্তোলন, অনিয়ন্ত্রিত ইটভাটা এবং পলিথিন-প্লাস্টিকের ব্যবহার পরিবেশ ও জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব বাড়াচ্ছে।

মো. মাকসুদুর রহমান বলেন, দুর্যোগের পর নারী ও শিশুদের জন্য জরুরি চিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাবার এবং নারীদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। নারীদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণের ব্যবস্থাও প্রয়োজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে দুর্যোগপ্রবণ এলাকায় নারী ও শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি ও জীবিকার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।