মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি
মায়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ পাঁচজন আটক

মায়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ পাঁচজন আটক নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান
নোয়াখালীর হাতিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৭৬০ বস্তা সারসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া থানার বাংলাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল।
কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৭৬০ বস্তা সার উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নোয়াখালীর হাতিয়ার আব্দুল ওহাব (১৯), গাজীপুরের কালিয়াকৈরের পলাশ (১৮), নোয়াখালীর হাতিয়ার হানিফ (২৬), মোরশেদ (২৭) ও পারভেজ উদ্দিন (২৬)।
কোস্ট গার্ড জানায়, আটক আব্দুল ওহাব হাতিয়া বাজার এলাকার বাসিন্দা। পলাশ গাজীপুরের কালিয়াকৈর এলাকার, আর হানিফ, মোরশেদ ও পারভেজ উদ্দিন হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
