এইচএসসির বিশেষ পরীক্ষায় দেশজুড়ে অনুপস্থিত ২ হাজার ৪৭৭ পরীক্ষার্থী
চরফ্যাশনের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার জাহানপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর হাসিনা আবাসনের দক্ষিণ পাশে মেঘনা নদীর মোহনায় ঢোসের খাল এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে শশীভূষণ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ও চর কুকরি-মুকরি নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, মৃত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং কোনো পরিচয়পত্র বা পরিচয় শনাক্তের মতো তথ্য পাওয়া যায়নি।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। নারীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণসহ ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
