ভোলায় শহীদ আবদুর রহিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ
অগ্নিঝুঁকি কমাতে পার্থ’র উদ্যোগ ভোলায় বিনামূল্যে ২ হাজার অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা বাড়াতে ভোলা পৌর শহরের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে বিনামূল্যে দুই হাজার অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নিজ অর্থায়নে শনিবার সন্ধ্যায় এসব অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হয়েছে।
দলীয় নেতারা জানান, প্রাথমিক পর্যায়ে ভোলা পৌর শহরের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে দুই হাজার অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হচ্ছে। পরবর্তী সময়ে এ কার্যক্রম পুরো ভোলা সদর উপজেলায় সম্প্রসারণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন বাজার, দোকান ও মহল্লায় অগ্নিনির্বাপণ যন্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তারা আরও জানান, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটলে যাতে প্রাথমিক পর্যায়েই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ সরঞ্জামের সহজলভ্যতা নিশ্চিত করে অগ্নিকাণ্ডে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনাই এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।
অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ নুরনবী। এছাড়া উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিজেপির আহ্বায়ক আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, পৌর বিজেপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা জেলা শাখার আহ্বায়ক মানষ ঘোষ শান্ত ও জেলা সদস্য সচিব মোঃ হোসেনসহ বিজেপি ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
বিনামূল্যে অগ্নিনির্বাপণ যন্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের মতে, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় অগ্নিনির্বাপণ যন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ অগ্নিকাণ্ড ঘটলে প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনতে এ যন্ত্র কার্যকর ভূমিকা রাখতে পারে।
ভোলা সদর রোডের পাদুকা ব্যবসা প্রতিষ্ঠান ‘ডায়মন্ড সু’-এর মহাজন মোঃ সালাউদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে ভোলার বিভিন্ন দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন সময়ে ব্যবসায়ীদের বিনামূল্যে অগ্নিনির্বাপণ যন্ত্র দেওয়ার উদ্যোগটি খুবই গুরুত্বপূর্ণ। এতে জরুরি মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে। এজন্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ধন্যবাদ জানাই।
ব্যবসায়ীরা এ জননিরাপত্তামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভোলা পৌর শহরের পাশাপাশি পুরো সদর উপজেলার বাজার, দোকান ও মহল্লায় অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হলে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
