চরফ্যাশনে বাসের ধাক্কায় যুবক নিহত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রিয়াজ হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে চরফ্যাশন–দক্ষিণ আইচা সড়কের বসু বেপারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, সড়ক দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন রিয়াজ হোসেন। তিনি দক্ষিণ আইচা এলাকার মুক্তিযোদ্ধা সামছুদ্দিন মিয়ার ছেলে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
