ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ
ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের সভাপতিত্বে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ এবং ‘সাইবার সুরক্ষা (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে কমিটির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সভাপতিত্ব করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু হয়। পরে পরিচিতি পর্ব শেষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বৈঠকের শুরুতে সভাপতি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সভায় ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ এবং ‘সাইবার সুরক্ষা (সংশোধন) বিল-২০২৬’ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনা করে সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এ. এম. মাহবুব উদ্দিন, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন এবং আলফারুক আব্দুল লতীফ অংশ নেন।
বিশেষ আমন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠক শেষে দোয়া ও মোনাজাত করা হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়, আলোচ্য বিল দুটি নিয়ে পরবর্তী কার্যক্রম সংসদীয় বিধি অনুযায়ী এগিয়ে নেওয়া হবে।
