নাজিউর রহমান কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী সংবর্ধনা
নাজিউর রহমান কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী সংবর্ধনা

ভোলার অন্যতম বিদ্যাপীঠ নাজিউর রহমান কলেজে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৭৬ জন পরীক্ষার্থী বিদায় নিচ্ছেন।
১৯৮৬ সালে সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জুর হাত ধরে প্রতিষ্ঠিত এই কলেজটি বরাবরই সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিগত দিনে বরিশাল শিক্ষা বোর্ডে একাধিকবার সেরা দশ এবং সেরা বিশের মধ্যে স্থান করে নেওয়ার গৌরব রয়েছে এই প্রতিষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির আহ্বায়ক, সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন শাহীন এবং সহকারী অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন বাণিজ্য বিভাগের মালিহা সালাম এবং মানবিক বিভাগের সাব্বির আহমেদ।
শিক্ষার গুণগত মান রক্ষায় কলেজ কর্তৃপক্ষের বিশেষ কিছু উদ্যোগের কথা জানান শিক্ষকরা। যার মধ্যে রয়েছে— ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীর জন্য একজন করে ‘মেন্টর’ বা শিক্ষক নির্ধারণ করা। শিক্ষকরা তাদের নিজ নিজ গ্রুপের শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর রাখছেন, অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন এবং শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
এছাড়াও নিয়মিত অভিভাবক সমাবেশ, মডেল টেস্ট, সেমিস্টার সিস্টেমে সিলেবাস ভাগ করে পাঠদান এবং ফরম ফিলাপের পরেও বিশেষ ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাবেক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া কলেজের ৫ জন কৃতি শিক্ষার্থীকে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আসন্ন পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হয় এই আয়োজন।
