ভোলায় ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ভোলায় জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও ভোলা পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার (১৪ মার্চ) সকালে বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি এবং বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার), স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী পিন্টু বেপারী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানসহ জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এসময় জেলা প্রশাসক শহরের পরিবেশগত সমস্যার কথা তুলে ধরে বলেন, শহরের ভেতর দিয়ে প্রবাহিত খাল ও ড্রেনগুলোতে মানুষের ফেলা ময়লা-আবর্জনা ও তেলের আস্তরণ মশার বংশবৃদ্ধির প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। এই সংকট উত্তরণে তিনি প্রতিটি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, যেমন-মসজিদ ও মন্দিরের মাধ্যমে এবং স্থানীয় মিডিয়া ও মাইকিংয়ের সাহায্যে ব্যাপক প্রচারণার আহ্বান জানান।
সভায় বক্তারা আসন্ন মৌসুমে ডেঙ্গুর প্রকোপ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং সাধারণ মানুষকে সচেতন করার বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়।
