চরফ্যাশন তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

‎‎চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশন উপজেলার বাবুরহাট লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৩ মার্চ) সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন। এসময় দক্ষিণ আইচা থানা পুলিশ উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেছেন।
অভিযানের উদ্দেশ্য সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, বাবুরহাট লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদী বালু উত্তোলনের বিষয়ে কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। সেগুলো যাচাই করার জন্য আমরা আজ অভিযান পরিচালনা করেছি। অভিযানের সময় কোনো অবৈধ ড্রেজার বা বালু উত্তোলনের সরঞ্জাম পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু ব্যক্তি রাত ও ভোরের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকেন।
তিনি আরও বলেন, নিকটবর্তী শিকদারের চর এলাকায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নিলামকৃত বালু বিক্রি ও পরিবহন সম্পূর্ণ আইনসিদ্ধ। আমাদের লক্ষ্য হচ্ছে অবৈধ কার্যক্রম বন্ধ করা এবং নদীর পরিবেশ রক্ষা করা। আমরা সবাইকে অনুরোধ করছি, কেউ যদি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে, তা প্রশাসনকে দ্রুত জানান তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।