ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান ॥ ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক প্রাণবন্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজার সংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে অনুষ্ঠিত এই কর্মীসভায় অংশ নেন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মরহুম মো. খলিল হাওলাদারের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইস্রাফিল মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসাইন, ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস খান কমান্ডার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কুট্টি, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মাসুম, যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম মিলন, রাশেদ করিম ভূইয়া, মো. ইস্রাফিল, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন বাহার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলম মাস্টার প্রমূখ।
কর্মীসভায় বক্তারা বলেন, যুবদল হচ্ছে বিএনপির অগ্রভাগের সংগঠন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলই মাঠের মূল শক্তি হিসেবে কাজ করছে। তারা বলেন, তৃণমূলের কর্মীরাই দলের প্রাণশক্তি-তাই সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে প্রতিটি ইউনিয়নে আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকেও ইঙ্গিত করে বলেন, ভোলা-১ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে বিজয়ী করতে হলে এখন থেকেই মাঠে নেমে জনগণের কাছে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। যুবদলের প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। কর্মীসভা শেষে নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি জোরদারের প্রত্যয় ব্যক্ত করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো মাঠ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।