সর্বশেষঃ

ভোলায় হাতের মেহেদি শুকানোর আগেই লাশ হলেন বর

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় চার্জ থেকে অটোরিকশা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহীন (১৯) নামে এক নববিবাহিত কিশোর গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (২৬ আগষ্ট) সকালে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামে শাহীন বিদ্যুৎস্পৃষ্ট হন। মৃত শাহীন ওই গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
শাহীনকে হাসপাতালে নিয়ে আসা ওয়াসিম জানান, ১০ দিন আগে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে শাহীন বিয়ে করেন। তার গায়ে হলুদ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। হাতের মেহেদি এখনও শুকায়নি। আগামী ৩০ আগস্ট নববধূকে শাহীনের বাসায় তুলে আনার কথা ছিল। সে শুক্রবার সারাদিন অটোরিকশা চালিয়ে রাতে চার্জে দিয়ে রাখে। সকালে চার্জ থেকে অটোরিকশা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এরপর তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে তার আকস্মিক মৃত্যুর খবরে শ্বশুড়বাড়ির লোকজন সদর হাসপাতালে ছুটে আসেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, শাহীনের মৃত্যু খুবই হ্নদয় বিদারক। তার লাশ হাসপাতালে রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।