ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, সবচেয়ে বেশি দূষণ প্রগতি সরণিতে
সাপ্তাহিক দ্বীপবাণী পরিবারের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

এনজিও বিষয়ক প্রতিনিধি ॥ ভোলা থেকে প্রকাশিত সাপ্তাহিক দ্বীপবাণী পরিবারের পক্ষ থেকে সম্পাদক মুক্তিযোদ্ধা মো: আবু তাহের এবং নির্বাহী সম্পাদক ও ডরপ প্রতিনিধি তরুন কান্তি দাস নবাগত জেলা প্রশাসক মো: আরিফুজ্জামান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার (২ আগস্ট) এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
জেলা প্রশাসক মো: আরিফুজ্জামান বলেন, দ্বীপজেলা ভোলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে আমি আনন্দিত। গত কদিন যাবত ভোলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্তরিকতা ও আতিথেয়তায় আমি মুগ্ধ। আমি মনে করি ভোলার যেসব সমস্যা রয়েছে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, গ্যাস ভিত্তিক শিল্পায়ন ও মূল ভূখন্ডের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমি সর্বশক্তি দিয়ে ভোলার একজন হয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।
তিনি বললেন, এর আগে আমি কখনো ভোলায় আসেনি। আসার আগে কিছুটা দ্বিধা সংকোচ থাকলেও ভোলা এসে আমি মুগ্ধ ও সন্তুষ্ট। বিশেষ করে ভোলাবাসীর যে আন্তরিকতা ও আতিথেয়তা আমি দেখেছি তাতে আমার মনে হয় ভোলাবাসী আপনজন হয়ে গেছে। আর আমিও আপনজন হওয়ার জন্য চেষ্টা করছি।
তিনি আরো বলেন, ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ হিসাবে ভোলাবাসীর স্বাস্থ্য সেবার মান উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন বলে আমি মনে করি। আমি আমার সময়কালে হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নসহ সরকারি ও বেসরকারি খাতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা চালাবো।
মাহিদুজ্জামান বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন প্রয়োজন। দ্বীপজেলার ভবিষ্যৎ বংশধরদের মানসম্মত শিক্ষা প্রদান এবং প্রকৃত শিক্ষিত হিসেবে গড়ে তোলার জন্য আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। প্রকৃতির এক অনন্য অবদান পলিমাটির দেশ ভোলা জেলা। এখানে কুকরী-মুকরী, ঢালচরসহ নদী সাগর বনভূমি কেন্দ্রীক পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। ভোলাকে পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত রাখবো।
তিনি আরো বলেন, অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি মূল ভূখন্ডের সাথে ভোলা বরিশাল ব্রিজের বাস্তবায়নের লক্ষ্যে আমার সাধ্যানুযায়ী প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেতু বিভাগের উপ-পরিচালক হিসেবে এ ব্যাপারে আমার কিছুটা ধারণা রয়েছে। আমি সেটাকেও কাজে লাগিয়ে সেতু বাস্তবায়নের ক্ষেত্রে আমার প্রচেষ্টা অব্যাহত রাখবো। চারদিকে নদী সাগর বেষ্টিত ভোলায় রয়েছে বিশাল মৎস্য সম্পদ। জেলেদের প্রশিক্ষণসহ মৎস্য প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি এবং বৃহত্তর বাজারে উপস্থাপনের জন্য আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে।
