সর্বশেষঃ

মশলায় ক্ষতিকর রঙ মেশানোর দায়ে হাজী ভিআইপি গুড়া মশলাকে ৮০ হাজার টাকা জরিমানা 

মাহে আলম মাহী: ভোলায় মশলার মিলে অপরিচ্ছন্ন পরিবেশে প্রক্রিয়াকরণ ও মশলার সাথে ক্ষতিকর রঙ মেশানোর দায়ে একটি মশলার মিলকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১০ এপ্রিল) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয় কর্তৃক অভিযানে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান ভোলা সদর মডেল থানার একটি পুলিশ টিমের সহায়তায় এ অভিযানের নেতৃত্ব দেন।
তিনি জানান, অপরিচ্ছন্ন পরিবেশে মশলা প্রক্রিয়াকরণ ও ক্ষতিকর রঙ মেশানোর অপরাধে হাজী ভিআইপি গুড়া মশলা কে (বাসস্ট্যান্ড সংলগ্ন মধ্যরতনপুর) ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 ইতিপূর্বে উক্ত প্রতিষ্ঠানের পণ্যের লেবেলিং ও পণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্রণের তারিখ ঘষামাজা করে বাজারে পরিবেশনের প্রমাণ পাওয়া গিয়েছে। আজ সকালে সরেজমিনে প্রদর্শনকালে নোংরা পরিবেশে মশলা প্রক্রিয়াকরণ ও মশলা অধিক রঙ্গিন করার জন্য লাল রঙ (সিদুর রঙ) এর ব্যবহার হাতেনাতে ধরা পড়ে। অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানের মালিককে পাওয়া যায়নি,  মালিকের ছেলেকে সার্বিক দিক নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এর অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।