বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিল আলতাজের রহমান কলেজ

মাহে আলম মাহীঃ সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ভোলায় ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো আলতাজের রহমান ডিগ্রী কলেজের ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদেরকে।
বুধবার (১৫ মার্চ) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউ হলুদ পাঞ্জাবি পড়ে, কেউ হলুদ শাড়ি জড়িয়ে কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
আলতাজের রহমান কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ জাহান জেব আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ডাঃ খাদিজা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, কলেজের উপাধ্যক্ষ মোঃ ফেরদৌস বাহাদুর।
কলেজের প্রভাষক লায়লা আঞ্জুমান ও আমেনা আহসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ এনায়েত উল্লাহ প্রমুখ।
এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আলতাজের রহমান ডিগ্রী কলেজ এ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সাংস্কৃতিক সংগঠন ‘বাতি ঘর’ এর সদস্যরা গান ও নৃত্য পরিবেশন করে। এছাড়াও স্থানীয় সংগীত শিল্পীরা গান পরিবেশন করে অনুষ্ঠানকে মুখরিত করে তুলে।
নবীন বরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের দ্বায়িত্ব পালন করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ ফেরদৌস বাহাদুর।
