সর্বশেষঃ

ভোলায় ভোক্তা অধিকারের অভিযান, ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

মোঃ মাহে আলম মাহী॥ ভোলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের পক্ষ হতে বাজার তদারকি মূলক অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার জাঙ্গালিয়া বাজারে এ তদারকি মূলক অভিযান পরিচালিত হয়।
ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান বলেন, ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে সেলিম হোটেলকে ৪৩ ধারায় ১ হাজার টাকা, ইমাম স্টোরকে ৩৭ ধারায় ১ হাজার টাকা, নিউ একতা বেকারিকে ৪৩ ধারায় ৩ হাজার টাকা ও স্বদেশ ফার্মেসিকে ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মোট চারটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ মোতাবেক দশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। জনস্বার্থে মাইকিং করে উপস্থিত ব্যবসায়ীদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চিনি, সয়াবিন তেল ও পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় বাজার প্রদর্শন, দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। জনস্বার্থে বাজার তদারকি মূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।