সর্বশেষঃ

ভোলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

ভোলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসন এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের যৌথ আয়োজনে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিবেক সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রসঙ্গে উপস্থিতির উদ্দেশ্য দেশের অর্থনৈতিক বিকাশে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখার চেষ্টা করতে হবে। এ জনপদে মাদক প্রবণতা, সম্ভাব্য করণীয় বিষয়ে কর্মশালায় সুপারিশ করতে হবে। প্রচলিত মাদকের কোনটিই আমাদের জেলায় তৈরি হয় না। উপকরণগুলো বিভিন্ন দেশ থেকে পাচার হয়ে আমাদের দেশে আসে এরপর বিভিন্ন জেলা থেকে ভোলা জেলায় আসে। ভোলা যেহেতু নদীবেষ্টিত জেলা তাই বিভিন্ন মাদক কারবারিরা ভোলাকে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করে। মাদকের চাহিদা না থাকলে সরবরাহ কমবে। তাই মাদক থেকে দুরে রাখতে প্রয়োজন সম্মিলিত কাজ। যেখানে পরিবার, সমাজ এবং সরকারের বিভিন্ন দপ্তরকে একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে মসজিদের ইমামরা জুম্মার নামাজের খুতবায় মাদকের কুফল সম্পর্কে ইসলামি শরিয়ত অনুযায়ী মুসল্লীদের মধ্যে কিছু সময় বয়ান করতে পারেন এবং স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি শিক্ষকরা মাদকের ভয়াবহতা নিয়েও শিক্ষার্থীদের ব্রিফ করতে পারেন তাহলে মাদকদ্রব্যের অপব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।
তিনি আরও বলেন, সারাদেশে মাদক পাচার ও বেচাকেনার ক্ষেত্রে নারীদের ব্যবহার করা হচ্ছে। ব্যবসার কৌশল বদলে মাদক কারবারিরা এখন নারী ও শিশুদের ব্যবহার করছে। যা খুবই দুঃখ জনক ও উদ্বেগের বিষয়। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে মাদকের গডফাদারদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক দিদারুল আলম, মাদকদ্রব্যের অপব্যবহার ও নির্মূলে করণীয় বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের, বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুস সালাম মাষ্টার প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে সমন্বিত কর্মপরিকল্পনার প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় পরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিথিরা মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে জেলা ইমাম কমিটির প্রতিনিধিগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।