অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভয়াল ১২ই নভেম্বর আজ, আজো আতকে উঠে উপকূলবাসী

আজ ১২ই নভেম্বর, ভোলায় ঘটেছিল ঘূর্ণীঝর গোর্কীর তান্ডব। ১৯৭০ সালের এই দিনের কথা মনে পড়ে আজো আতকে উঠেন ভোলার উপকূলবাসী। একদিকে স্বজনহারা মানুষের কান্না, তার ওপরে তীব্র শীত এবং খাদ্য সঙ্কট বেঁচে থাকা অবশিষ্ট মানুষদের জীবনকে দুর্বিষহ করে তোলে। ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় বহু মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়। সেদিন কাল রাতে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এমন করুণ দৃশ্যের বর্ণনাও শুনেছেন। যে মা নিজে বাঁচতে গিয়ে তার কোলের সন্তানকে ছেড়ে দিয়েছে সামুদ্রিক জোয়ারের স্রোতে। সন্তান ছেড়ে দিয়েছে তার বাবা-মাকে। স্বামী তার স্ত্রীকে। আশ্রয়কেন্দ্রের অভাবে মানুষ জীবন বাঁচিয়েছে গাছের ডালে চড়ে। দিনের পর দিন মানুষ কলার থোড় কিংবা গাছের পাতা খেয়ে জীবনধারণ করেছে। বিশেষ করে যোগাযোগ বিচ্ছিন্ন দূরবর্তী চরদ্বীপগুলোর বেঁচে থাকা প্রতিটি মানুষ দিন কাটিয়েছে অনাহারে।
১০ থেকে ১৫ ফুট উচ্চতার এই জলোচ্ছ্বাসে একই সঙ্গে সেদিন স্রোতের টানে ভেসে যায় বহু গবাদি পশু ও ঘর-বাড়ী। ক্ষতিগ্রস্থ হয় হাজার হাজার একর জমির ফসল। লন্ড ভন্ড হয়ে যায় উপকূলীয় এলাকার জনপদ। এতে গৃহহীন হয়ে পড়ে হাজার হাজার পরিবার। স্বজন হারানো মানুষগুলোর কান্নায় সেদিন উপকূলীয় এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। এখনও সে ভয়াল ১২ নভেম্বরের কালো রাত্রির কথা মনে পড়লে ঘটনার স্বাক্ষী হয়ে থাকা এখানকার মানুষগুলো।
জলোচ্ছ্বাস পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ জাতীয় নেতৃবৃন্দ ভোলায় এসে পাক সরকারের অবহেলা এবং দায়িত্বহীনতা দেখে হতবাক হয়ে যান।
ভোলাবাসী মনে করে ঘূর্ণিঝড় গোর্কি মোকাবেলায় তৎকালীন পাকিস্তান সরকারের উদাসিনতায় দেশের মুক্তিযুদ্ধকে সে সময় ব্যাপকভাবে তরান্বিত করেছে। বর্তমানে দুর্যোগ মোকাবেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে জনগণকে সত্তুরের তুলনায় অনেক বেশী সচেতন করা হলেও এখনো সিগনাল দেখলে আতঙ্কের মধ্যে থাকেন সত্তুরের প্রত্যক্ষদর্শীরা।
ভোলা চরফ্যাশনের আবুল হোসেন (৭৫), লালমোহনের কাঞ্চন মাঝি (৮০), তজুমুদ্দিনের মহিউদ্দিন (৭২), ভোলা সদরের দিলিপ (৮৫) বলেন, যারা সত্তুরের বন্যা চোখে দেখেনি তারা সেদিনের ভয়াবহতা বিশ্বাস করতে চায়না। সেদিনে কথা মনে পড়লে এখনো ভয় লাগে। সেদিন মানুষের লাশ কচুরি পোনার মত নদীতে ভাসছে। চারদিকে ছিল শুধু স্বজন হারানো চিৎকার। অভুক্ত মানুষের মুখে দু’মুটো খাবার দেয়ার মানুষ ছিলনা। সব চাইতে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে চরফ্যাশন,মনপুরা,লালমোহন,তজুমুদ্দিন উপজেলায়।
ভোলার প্রবীণ সাংবাদিক এম এ তাহের বলেন, ভয়ানক সেই ঝড়ের কথা এখনো ভুলেনি উপকূলের মানুষ। ভয়াল সেই রাঁত কেটে গেলে পরদিন শুক্রবার ভোলায় ধ্বংস স্তুপে পরিনত হয়েছিল। চারধারে ছড়িয়ে ছিটিয়ে ছিল শুধু লাশ আর লাশ। ঝড়ের কয়েকদিন পর সামান্য কিছু সাহায্য মিলেছে। গাছে ঝুলে ছিল অনেকের মরদেহ। বাঁচার লড়াই করেছেন অনেকে। কেউ বেঁচেছেন তবে বেশিরভাগই তাদের স্বজনদের হারিয়েছেন।
৭০ এর মহাপ্রলয়ংকারী ঘূর্ণিঝড় গোর্কির ৫২ বছর কেটে গেছে। কিন্তু এখনো ঝড়-জলোচ্ছ্বাস বা প্রাকৃতিক দূর্যোগ এলে চরাঞ্চলের মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারে না। দ্বীপজেলার ভোলার অর্ধ শতাধিক চরাঞ্চলের ৩ লক্ষাধিক মানুষ চরম ঝুঁকিতে অবস্থান করনে এখনো। সেখানে নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। যেগুলো আছে সেগুলো প্রয়োজনের তুলনায় অনেক কম। কিছু কিছু সাইক্লোন শেল্টার খূবই ঝূঁকিপূর্ণ হওয়ায় মানুষ সেগুলোতে যেতে চায় না। তবে ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলগুলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারিভাবে ব্যাপক বনায়ন করা হয়েছে। যার ফলে যে কোন দুর্যোগ আসলে এসব বনায়নের কারণে ক্ষয়-ক্ষতি কিছু কম হচ্ছে। যেসব খালি যায়গাগুলোতে এখন পর্যন্ত বনায়ন করা হয়নি সেখানে বেশি বেশি গাছ লাগানোর দাবী জানান ভোলার সচেতন মহল। এছাড়াও এসব চরে পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মানের দাবী জানান তারা। সত্তরের গোর্কির মতো যেন এমন আর নির্মম ধ্বংসযজ্ঞের কবলে ভোলাবাসিকে পড়তে না হয় সেটাই জেলার ২২ লাখ মানুষের দাবি। বর্তমান সময়ে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ভোলার ৭৪৬ টি আশ্রয় কেন্দ্র থাকলেও তা যথেষ্ট নয়।
যা ঘটেছিল : সকাল থেকেই আকাশ মেঘে আচ্ছন্ন ছিল। দুপুরের পর থেকে আস্তে অস্তে বাতাস বইতে শুরু করে। বিকেলের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি। সন্ধ্যায় বাতাসের বেগ বাড়তে থাকে। এরপর বাতাস ও বৃষ্টির প্রচন্ডতা বেড়ে যায়। রাত ২টা আড়াইটার দিকে মেঘনা-তেতুঁলিয়া ও বঙ্গোপসাগরের জলচ্ছ্বাসের পানি ১৪ ফুট উচুঁ বেড়িবাধের ওপর দিয়ে প্রবাহিত হয়ে গোটা ভোলা জেলা তলিয়ে যায়। এ সময় মির্জাকালু বাজারের সদর রোডে হাটুর ওপরে (৩/৪ ফুট) পানি ওঠে। রাস্তা-ঘাট, ঘর-বাড়ি, মাঠ-ঘাট এমনকি গাছের সঙ্গে ঝুলে ছিলো শত শত মানুষের মৃতদেহ। দুর্যোগের সেদিনে জলোচ্ছ্বাসে গৃহহীন হয়ে পরে লাখ লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয় চর কুকুড়ি-মুকুড়ির মানুষের। সেখানে প্রায় সকলেই সেদিনের জলোচ্ছ্বাসে প্রাণ হারায়।
এছাড়াও এই জলোচ্ছ্বাসে বহু মানুষ সাগরে ভেসে গিয়েছিল। যারা বেঁচে গিয়েছিল তারাও বৈরী প্রকৃতিকে মোকাবেলা করেছে। এসব মানুষ জীবিত অবস্থায় দিনের পর দিন সাগরে ভেসে বেড়িয়েছে। বানের পানিতে ভেসে যাওয়া ঘরবাড়ির কাঠ কিংবা মৃত গবাদিপশুর পিঠের ওপর চড়ে তীরে ফেরার জন্য আকাশ পানে তাকিয়ে দিন কাটিয়েছে মানুষ। প্রায় ৪ যুগ পরেও সেই দুঃসহ স্মৃতি নিয়ে অরক্ষিত চরে বসবাস করছে এখনো লাখো মানুষ।
পরদিন ১৩ নভেম্বর ভোরে পানি যখন নামতে শুরু করে তখন প্রচন্ড বেগে জলচ্ছ্বাসের পানির স্রোতে ভেসে যাচ্ছে অগনিত মানুষের লাশ। বিভিন্ন গাছের মাথায় ঝুলতে দেখা গেছে মানুষ ও পশুর মৃতদেহ। চারিদিকে শুধু লাশ আর লাশ। যেন লাশের মিছিল হয়েছিল সেদিনের জলচ্ছ্বাসে। গোটা ভোলা জেলাকে তছনছ করে মৃত্যুপূরীতে পরিনত করে দিয়েছিলো। এক টুকরো কাপড় পেলে আব্রু ঢেকেছিল জীবিতরা। সেদিন বিনা জানাজায় কবর দেয়া হয় বহু মৃতদের।
ঘূর্ণিঝড় পরবর্তী দীর্ঘ ১৫-২০ দিনেও কোথাও পৌঁছেনি কোনো ধরনের ত্রাণ। মানুষ, গবাদিপশুর পঁচা লাশের গন্ধে মিশ্রিত পানিই অসহায়দের পেট ভরার একমাত্র অবলম্বন ছিল। ফলে বেঁচে থাকা মানুষগুলো প্রতিটি দিন কাটিয়েছিল এক নিদারুণ যন্ত্রণায়।
প্রাকৃতিক দূর্যোগে এসব চরের বাসিন্দাদের ঠাঁই নেয়ার জন্য এখনো গড়ে ওঠেনি পর্যাপ্ত বেড়িবাধ, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাসের ধ্বংশলীলা নিঃসন্দেহে দূঃখের স্মৃতি হয়ে চির স্মরণীয় হয়ে আছে এবং থাকবে স্বজন হারা মানুষসহ বিশ্ববাসীর কাছে। প্রকৃতির নিষ্ঠুর আগ্রাসনের স্মরনীয় বিস্বাদের স্মৃতিময় সেই ভয়াল ১২ই নভেম্বরের ভয়াবহ সময় যাদের উপর দিয়ে বয়ে গেছে শুধু তারাই জানে কি দুঃসময় ছিল তা।
সেই দিন জলচ্ছ্বাসে ভোলা সহ উপকূলের প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারায়। নষ্ট হয় ৫ লাখ টন খাদ্য শস্য। ৪ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। সেই যন্ত্রনাময় স্মৃতি আজো কাঁদায় ভোলাবাসীকে। যদিও আজকের প্রেক্ষাপটে বিষয়টি অনেকটা অবাস্তব মনে হতে পারে। বিশেষ করে বর্তমান প্রজন্মের কাছে গোটা বিষয়টি অবিশ্বাস্য মনে হবে। সে সময় আজকের মতো প্রযুক্তি এতটা উন্নত ছিল না। এছাড়া অবকাঠামোগত যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছিল। যে কারণে প্রলয়ঙ্করী এ ঘূর্ণিঝড়ের পুরো খবর ঢাকায় পৌঁছতে সময় লাগে প্রায় এক সপ্তাহ।
