অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, নিহত এক।। পুলিশসহ আহত শতাধিক।। আটক ১২

ভোলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোড শেডিং এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ এবং পুলিশ টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। সংঘর্ষে ৬ পুলিশসহ অন্তত শতাধিক বিএনপির নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ১ জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ দুইজনকে বরিশালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে বলে জানা গেছে।
রবিবার বেলা ১১ টার দিকে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে কালিনাথ রায় বাজার এলাকায় সংঘর্ষের সুত্রপাত ঘটে। পরে তা সদর রোড পর্যন্ত ছড়িয়ে পড়ে। এসময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে এই ঘটনায় দুপুর ২টায় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ বেলা ১১ টায় সময় তাদের শান্তিপূর্ণ সভা শেষ করে বেলা ১২ টার সময় একটি মিছিল বের হলে পুলিশ হঠাৎ লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ ট্রুম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোপান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিনসহ সভাপতি মীর রনি, জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে এবং আবদুর রহিম নামে এক স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত হয়েছে বলেও জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
নিহত রহিম ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নে কোড়ালিয়া গ্রামের বাসিন্দা বলে জানান বিএনপির এই নেতা।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফরহাদ সরদার বলেন বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশের ৬ সদস্য আহত হয়েছে এবং এই ঘটনায় ১২ জন কে আটক করা হয়েছে।
আজকের পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির ৫০ নেতা-কর্মীসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে অপর একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এমনটাই জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার।
