অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

নাহিদ নামের এক তরুনকে হত্যার মাত্র ৩ দিন পর বুধবার সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে ফের হত্যা করা হয়েছে ওবায়দুল্লাহ (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে। ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহিতা গ্রামের এক সুপারি বাগান থেকে তার গলা কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওবায়দুল্লাহ রুহিতা গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে। সে স্থানীয় পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা ওবায়দুল্লাহর রক্তাক্ত দেহ আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহিতা গ্রামের জনৈক আবুল কালামের বাড়ির পেছনে একটি সুপারি বাগানে পড়ে থাকতে দেখেন। পরে তারা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে এসএসসি পরীক্ষার্থী ওবায়দুল্লাহর মরদেহ উদ্ধার করে। তার শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কেউ তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন।
নিহত ওবায়দুল্লাহর মামা মোঃ মহিবুল্লাহ ও মামী নুরতাজ বেগম কান্নাজড়িত কন্ঠে ভোলার বাণী’কে বলেন, ওবায়দুল্লাহ রুহিতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু কে বা কারা আমাদের ভাগ্নেকে এভাবে গলা কেটে হত্যা করেছে তা বলতে পারছি না। ওর সাথে কারো কোন দ্বন্দ্বও ছিলনা। তবে, গতরাতে ওবায়দুল্লাহর কয়েজন বন্ধু ওবায়দুল্লাহকে খোঁজ করছিল।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আরমান হেসেন নিশ্চিত করে বলেন, সুপারি বাগান থেকে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। এদিকে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহত শিক্ষার্থীর সাথে পারিবারিক প্রেমঘটিত কোন বিষয় থাকতে পারে। তবে, যে বিষয়ই থাকুক না কেন খুব শিগগিরই প্রকৃত তথ্য জানা যাবে। এ বিষয়ে বেশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
