অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নেই বাতি ॥ ঝুঁকি নিয়ে চলছে যান ও পথচারী

ভোলার একমাত্র ও প্রধান সড়ক ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে লাগানো হয়নি সড়কবাতি। ফলে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার থেকে চরফ্যাশন উপজেলার বাবুরহাট বাজার পর্যন্ত প্রায় ৯৪ কিলোমিটার সড়কে সন্ধ্যার পর অন্ধকারে নিমজ্জিত থাকে এ এলাকাটি।

জানা গেছে, উপকূলীয় এ জেলার যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে সম্প্রতি সাড়ে ৮০০ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক এ মহাসড়কটির প্রশস্ত করার কাজ শুরু হলেও সড়কে সড়ক বাতি স্থাপনের কোন বরাদ্দ হয়নি বলে জানিয়েছেন ভোলা সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা। এদিকে সরকার শত শত কোটি টাকা খরচ করে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরনের কাজ করলেও সড়কবাতি না থাকার কারণে এর সুফল পাচ্ছে না এ জেলার প্রায় ১৭ লাখ মানুষ।
এ ছাড়া রাজধানী ঢাকা, যশোর, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শত শত যানবাহন প্রতিদিন এ মহাসড়কে চলাচল করছে। এ অবস্থায় ভোলার একমাত্র ও প্রধান এই গুরুত্বপূর্ণ সড়কে সড়কবাতি না থাকায় রাতে যানবাহন চলাচল বিঘিœত হচ্ছে। পাশাপাশি অন্ধকারাচ্ছন্ন ও ভুতুড়ে অবস্থায় থাকায় এই সড়কে জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। ফলে ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন ও পথচারী। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এ মহাসড়কে। কে বা কোন বিভাগ ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে সড়ক বাতি স্থাপন করবে তাও কেউ বলতে পারছেন না।

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়মিত চলাচলকারী মালিক সমিতির যাত্রীবাহী বাসের চালক আলমগীর বলেন, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে সড়কবাতি না থাকায় আমাদের গাড়ি চালাইতে সমস্যা হয়। সন্ধ্যা হলেই এ সড়ক অন্ধকার হয়ে যায়। এতে ছোট ছোট যানবাহন দেখা যায়না। তখন অনেক সময় দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ভোলা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসটার্মিনালসহ ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে সড়কবাতি না থাকায় অনেক সমস্যা হচ্ছে। দুর্ঘটনার পাশাপাশি বাড়ছে চুরি। কে দিবে সড়ক বাতি তাও জানিনা। গুরুত্বপূর্ণ এ সড়কে সড়কবাতি এখন খুবই দরকার বলে মনে করেন তিনি।
এ সড়কে নিয়মিত চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা চালক বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের বাসিন্দা আবুল কাসেম বলেন, রোডে বাত্তি না থাহায় আমরা অনেক সময় গাড়িগুলি দেহিনা। আমাগো অটোরিকশায় যেই বাত্তি আছে হেই বাত্তি দিয়া ১০ হাত পর্যন্ত দেহা যায়। হেরপর আর দেহা যায় না। এতে অটো চালাইতে অনেক সমস্যা অয়।

সড়কে নিয়মিত চলাচলকারী পথচারী ভোলা সদর উপজেলার যুগিরঘোল এলাকার গৃহিণী মুজিযা রহমান পূণ্য বলেন, আমার শশুর বাড়ি বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে। মাঝে মধ্যে অটোরিকশা দিয়ে শশুর বাড়ি যেতে হয়। সেখান থেকে আসতে রাত হয়ে যায়। কিন্তু সড়কে সড়ক বাতি না থাকায় রাতে অটোরিকশায় চলাচল করছে ভয় হয়।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ ভোলার নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বুধবার বলেন, ভোলা-চরফ্যাশন সড়কে সড়ক বাতি দিবে না। সড়ক বাতি দিবে অন্য বিভাগের লোকজন।

এ বিষয়ে পল্লী বিদুৎ সমিতি ভোলার জিএম আলতাফ হোসেন বলেন, ভোলা-চরফ্যাশন সড়কে পল্লী বিদ্যুৎ সরবরাহ করার নিয়ম নেই। প্রায় একই কথা বললেন ওজোপাডিকো ভোলার নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ। তিনি বলেন, সড়কে সড়ক বাতি ভোলা পৌরসভার অংশে পৌরসভা করবে এটা বাধ্যতামূলক। তবে, পৌরসভার বাহিরে সড়কে সড়ক বাতি কোন বিভাগ করবে তা অবশ্য জানেননা বিদ্যুতের এ কর্মকর্তা।
এ বিষয়ে ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আঃ সাত্তার বলেন, ভোলা পৌরসভার বাহিরে পৌরসভা কর্তৃপক্ষ সড়ক বাতি দেওয়ার কথা নয়। তবে, যেহেতু ভোলা-চরফ্যাশন সড়কটি সড়ক ও জনপদ বিভাগের। তাই, ওই সড়কে তারাই ইচ্ছা করলে সড়ক বাতি দিতে পারেন। এ ছাড়া অন্য কোন বিভাগ ওই সড়কে সড়ক বাতি দিবে না।
