অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
যে কারণে জমছেনা ভোলার বিসিক শিল্প পণ্য মেলা

ভোলায় ১৫ দিনেও জমে ওঠেনি বিসিক শিল্প পণ্য মেলা। মেলায় ঢোকার প্রবেশমূল্য না থাকলেও প্রথম থেকেই মেলায় উপচে পড়া ভিড় নেই। নেই বিকিকিনি। মেলায় আসা অধিকাংশ দর্শনার্থী শুধু ঘুরে ঘূরে পণ্য যাচাই বাছাই করে চলে যাচ্ছেন। অনেকে আবার তাদের শিশুদেরকে বিভিন্ন রাইডারে চড়িয়েই আবার বাড়ি ফিরে যাচ্ছেন। রমজান মাসের কারণে শুরু থেকে দর্শনার্থী কিছুটা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফলে এখনো সেভাবে শুরু হয়নি বিক্রি-বাট্টা। বিক্রেতাদের আশা আস্তে আস্তে জমবে মেলা। রমজান মাস, পণ্যের দাম বৃদ্ধি ও করোনার দাপটে মানুষের এবার মানুষের আর্থিক সংকটের কারণে মেলা জমে ওঠেনি বলে মনে করছেন ক্রেতা ও বিক্রেতারা। তবে, ধীরে ধীরে মেলায় ক্রেতা সমাগম ও বিক্রির পরিমাণ বাড়বে বলেও আশাবাদী মেলায় স্টল দেওয়া ব্যবসায়ীরা। আর ক্রেতারা বলছেন, একেতো রমজান মাস। তার উপর মেলায় এবার পণ্যের দামও নেয়া হচ্ছে অনেক বেশি।
মেলায় বিভিন্ন দেশীয় পণ্য, হস্ত শিল্প, পাটের ব্যাগ, গার্মেন্টস, খেলনা বিক্রির স্টল বরাদ্ধ দেয়া হয়েছে। এ ছাড়াও খাবারের স্টল রয়েছে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলা শুরুর ১৫ দিন পেরিয়ে গেলেও মেলার স্টল ও প্যাভিলিয়ন পুরোপুরি সাজানো হয়নি। এখনো চলছে গোছানোর কাজ। কেউ কাঠের মধ্যে রঙ বসাতে ব্যস্ত, কেউ কাঁচের অন্তরালে সাজাচ্ছেন স্টল কেউ আবার তেরপাল দিচ্ছেন।

মঙ্গলবার সকালে সরেজমিনে মেলায় গিয়ে দেখা গেছে, দুই জন শ্রমিক রশি দিয়ে তেরপাল তৈরী করছেন। এর মধ্যে আবুল কালাম নামে এক শ্রমিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা মেলায় তেরপালের কাম করতাছি। মেলায় এখনো টুকটাক অনেক কাম বাকি আছে। ২-১ টা স্টল তৈরীর কামও বাকি আছে বলে জানিয়েছেন ওই শ্রমিক।
এদিকে মেলায় দর্শনার্থীদের সংখ্যাও কম। এর মধ্যে অধিকাংশ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী। কথা হয় মেলায় ঘুরতে আসা স্কুলছাত্রী ইশরাত জাহান ইভার সঙ্গে। সে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ইভা জানায়, সে মেলায় এসেছে ঘুরতে, কোন কিছু কিনতে নয়। সে বলে, মেলায় এসে আমি শুধুমাত্র নৌকায় চড়েছি। এ ছাড়া মেলায় সব পণ্যের দাম বেশী। মেলায় একটি ব্লাশের দাম চেয়েছে ৩৫০ টাকা। অথচ সেই ব্লাশ আমি ভোলা শহরের জিয়া সুপার মার্কেটের কোরিয়া এন্টারপ্রাইজ থেকে ক্রয় করেছি ২৮০ টাকায়।
মেলায় আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আসাদ বলেন, আমি আমার স্কুল পড়ুয়া মেয়ের জন্য একটি পণ্য কিনেছি ৩০ টাকায়। অথচ সেই পণ্যের দাম ভোলা শহরের দোকানে ২০ টাকা। মেলায় বিভিন্ন পণ্যের দাম শুনে আমি থমকে যাচ্ছি। মেলায় বিভিন্ন পণ্যের দাম বেশী মন্তব্য করে ভোলা শহরের যুগিরঘোল এলাকার গৃহিণী মুজিযা রহমান পূণ্য বলেন, মেলা থেকে আমি আমার ছেলে সানাফের জন্য একটি গাড়ি কিনেছি ২০০ টাকায়। এই গাড়ি ভোলা শহরের যে কোন দোকানে বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১৫০ টাকায়।
মেলায় বিভিন্ন পণ্যের দাম বেশী স্বীকার করে মেলায় স্টল নিয়ে বসা ব্যবসায়ী ফজলে রাব্বি বলেন, মেলায় স্টল বরাদ্দ নেওয়াসহ বিভিন্ন খরচ বেশী হচ্ছে। তাই আমাদেরকে একটু বেশী দামে পণ্য বিক্রি করতে হচ্ছে।
মেলায় স্টল বরাদ্দ নেওয়া বরিশালের গৌরনদী এলাকার ব্যবসায়ী শাকিল আচারের সত্বাধিকারী মোঃ শাকিল বলেন, মেলায় ক্রেতা কম। বেচাকেনাও কম। তিনি বলেন, রমজান মাসের কারণে বিক্রি কম হচ্ছে। গত ১৫ দিনে মাত্র ৪-৫ হাজার টাকার আচার বিক্রি হয়েছে। অথচ মেলায় সাধারণত ১৫ দিনে কমপক্ষে ৩০ হাজার টাকার আচার বিক্রি হওয়ার কথা।
আল্লাহর দান ক্রোকারির সত্বাধিকারী আরমান বলেন, মেলায় বেচাকেনা ভালনা। তিনি বলেন, একদিকে রোজা অন্যদিকে পণ্যের দাম বেশী হওয়ায় বেচাকেনা কম। প্রতিদিন মাত্র ৮ থেকে ১০ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে। কিন্তু মেলায় প্রতিদিন ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার পণ্য বিক্রি হওয়ার কথা। করোনার কারণে মানুষের হাতে এখন টাকা নেই। এর কারণেও বিক্রি কম হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ২৮ মার্চ থেকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিসিকের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী বিসিক শিল্প পণ্য মেলা। এ মেলায় স্টল রয়েছে প্রায় ৭৫টি। থাকছে অন্তত ১২ ধরণের বিভিন্ন পণ্য। বরিশালসহ আশপাশের জেলাগুলো থেকে আসছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে ভোলা বিসিক শিল্পনগরীর উপ-ব্যবস্থাপক এস এম সোহাগ মঙ্গলবার বিকেলে ভোলার বাণী’কে বলেন, রমজান মাস, পণ্যের দাম বেশী ও করোনার কারণে ১৫ দিনেও মেলায় বিক্রি জমেনি এটা সত্য। তবে, আশা করা হচ্ছে ঈদের আগেই মেলায় বেচাকেনা জমে উঠবে।
