সর্বশেষঃ

ভোলায় ৫৩ জেলে আটক, দেড় লক্ষাধিক টাকা জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অপরাধে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোলার ৪ উপজেলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকা থেকে ৫৩ জেলেকে আটক করে জেল-জরিমানা করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে দেড় লক্ষাধিক টাকা। জেলেদের মধ্যে শুরু হয়েছে চাল বিতরণ।
জেলা মৎস্য অফিস সূত্র জানায়, আটককৃত ৫৩ জেলের মধ্যে ভোলা সদর উপজেলায় ১০ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৬ জেলের বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ২০ হাজার টাকা। চরফ্যাশন উপজেলায় ১৯ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৬ জন জেলের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৩ জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। তজুমদ্দিন উপজেলায় আটক করা হয়েছে ২০ জেলেকে। এর মধ্যে ১২ জন জেলের কাছ থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাকী ৯ জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দৌলতখান উপজেলায় আটক করা হয়েছে ৪ জনকে। জরিমানা আদায় করা হয়েছে ৪ হাজার টাকা।
গত ৮ দিনে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিযয়ে ১০৯ জন জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ১৬টি অভিযানে এবং ৯টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে দুই লাখ ৪৫ হাজার টাকা। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল ও মাছ। এ ছাড়া আটককৃত মাছ নিলামে ১৮ হাজার টাকা বিক্রি করা হয়েছে।
বুধবার সকালে এ তথ্য জানান ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন। জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সময়ে মাছ শিকার বন্ধ থাকায় জেলেদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল বিতরণ শুরু হয়েছে। তিনি আরও জানান, বুধবার জেলার সর্ব দক্ষিণের উপজেলা চরফ্যাশনে নিবন্ধিত জেলেদের মধ্যে চাল বিতরণ শুরু করা হয়েছে।
মৎস্য অফিস জানায়, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুই মাস নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এই কর্মসূচির আওতায় ভোলা সদর উপজেলার ইলিশা পয়েন্ট থেকে মনপুরা উপজেলার চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া থেকে পটুয়াখালীর জেলার চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় সকল প্রকার মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।