অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ম্যানেজ করেই সদরে গুদাম রাখছেন ডিলাররা : জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

ভোলায় সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি, জিম্মি কৃষকেরা।
তিনটি সার পেতে কৃষকদের গুনতে হচ্ছে দেড়গুন দাম।
ভোলার বাজারগুলোতে সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে বিক্রি হচ্ছে সার। এতে অনেকটাই হতাশ স্থানীয় কৃষকরা। অভিযোগ উঠেছে, সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে বিএডিসিও বিসিআইসি’র নির্ধারিত ডিলাররা সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীদের নিকট। কোন খুচরা ব্যাবসায়ী অতিরিক্ত মূল্যের প্রতিবাদ জানালে তার ভাগ্যে জুটছে না সার। উপজেলার ভেলুমিয়া বাজার, ব্যাংকের হাট, জনতা বাজার, হাওলাদার বাজার, আনন্দ বাজার, ইলিশা বাজার, জংশন বাজার, দারোগার খাল বাজারসহ ভিবিন্ন বাজারে সরজমিনে গিয়ে দেখা গেছে, ৮০০ টাকা মূল্যের ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সারের বস্তা ১৪০০-১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, ১১০০ টাকার টিএসপি সার বিক্রি হচ্ছে ১৪০০-১৭০০ টাকায়। এতে কৃষকদের বস্তা প্রতি সার ক্রয়ে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে ৩০০-৬০০ টাকা পর্যন্ত।
উপজেলার বিভিন্ন বাজারের একাধিক খুচরা বিক্রেতার অভিযোগ, বিএডিসি ও বিসিআইসি’র অনুমোদিত উপজেলার প্রতিটি সারের দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা থাকার পরও তারা সরকার নির্ধারিত দামে আমাদেরকে সার দিচ্ছেন না। আবার অতিরিক্ত দামে সার ক্রয়ের পর আমরা রশিদ চাইলে ডিলারের পক্ষ থেকে কোনো রশিদ দেয়া হচ্ছে না। ক্রয় রশিদ চাইলে সার নেই এবং বিক্রি করতে অপারগতা প্রকাশ করছেন ডিলাররা। এভাবে শুধু আমরা খুচরা বিক্রেতা ও কৃষকরা জিম্মি বিএডিসি ও বিসিআইসি ডিলারদের নিকট।
সরকারি নির্দেশনা মতে বিএডিসি ও বিসিআইসি ডিলারদের প্রতিটি ইউনিয়নে একটি করে ডিলার পয়েন্ট ও গুদামঘর থাকার কথা। কিন্তু ভোলা সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ঘুরে ডিলারদের গুদাম ঘর বা ডিলার পয়েন্টের দেখা মিলেনি। বেশির ভাগ ডিলার পয়েন্ট পৌর এরিয়ার ভিতরে। চাষিদের ভাষ্য, উপজেলা প্রশাসন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকেন এসব সরকারি সারের ডিলারগণ। বর্ধিত দামে সার বিক্রির বিষয়টি সঠিকভাবে মনিটরিং না করায় এই অনিয়ম এখন নিয়মে পরিনত হয়েছে। আর এ কারণেই ফসল উৎপাদনের জন্য অত্যাবশ্যকীয় তিনটি সার পেতে কৃষকদের গুনতে হচ্ছে প্রায় দেড়গুন দাম।
উপজেলার রাজাপুর গ্রামের কৃষক মাসুদ রানা বলেন, আমাদের স্থানীয় বাজারের খুচরা বিক্রতারে নিকট থেকে, এ বছর সবজি চাষের জন্য বাংলাদেশি ডিএপি’র প্রতি বস্তা সার ১৬০০ টাকা করে ক্রয় করেছি। এছাড়া টিএসপি’র প্রতি বস্তা সার ১৭০০ টাকায় কিনতে হয়েছে, ইউরিয়া প্রতি বস্তা সার (চিকন দানা) ১১০০ টাকায় কিনেছি।
এদিকে ভেলুমিয়া বাজারের একাধিক খুচরা বিক্রেতা বলেন, আমাদের ইউনিয়নে বিসিআইসি ডিলার হুমায়ুন মিয়া তার ডিলার পয়েন্ট উপজেলা সদরে অর্থাৎ পৌর এরিয়ার মধ্যে। তার কাছ থেকে সার কিনতে হবে বাধ্যতামুলক তবে সে সার ক্রয়ের রশিদ দিবেন না এটাও বাধ্যতামুলক করে নিয়েছেন। চাইলে দোকান থেকে সারের কোনো ধরনের রশিদ দেয়া হয়না সাদা কাগজে লিখে দিলেও সরকার নির্ধারিত মূল্য লেখাই হয় তাতে কিন্তু নেয়া হচ্ছে অধিক দাম। তিনি আরো বলেন, সত্যি বলতে আমাদের দেশে কৃষকদের দুঃখ দেখার কেউ নেই। আমরা খুচরা বিক্রেতারা কি করবো বলেন, ক্রয় করে পরিবহন খরচ দিয়ে বস্তা প্রতি ১৫-২০ টাকা লাভ করতে কষ্ট, তারপরেও বাকী দিতে হয় কৃষক কে। এক কথায় যেমন কিনি তেমন বেচি বলেন খুচরা বিক্রেতারা।
ইলিশা গ্রামের কৃষক হাসান মিয়া বলেন, সরকার কৃষকদের সুবিধার্তে ভূর্তকি দিয়েও কোনো লাভ হচ্ছে না। কেনার সময় ডিলাররা সারের দাম অনেক বেশি নিচ্ছে। ১৪০০ টাকার নিচে ডিএপি সার, ১৬০০ টাকার নিচে টিএসপি সার ও ১১০০ টাকার নিচে ইউরিয়া সার এ বছর কিনতে পারিনি। তিনি বলেন, আমার প্রতিবছর ২০-২২ লক্ষ টাকার শুধু সার কিনতে হয়, এবছরও আমি ১২ কানি জমিতে তরমুজ, ১০ কানি জমিতে তরকারি চাষ করেছি। সরকার নির্ধারিত দামের পরে বস্তা প্রতি ৩০০-৬০০ টাকা বেশি দামে সার কিনতে হচ্ছে এভাবে চলতে থাকলে চাষাবাদ ছেড়ে দিতে হবে।
তবে অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয়া উচিত স্থানীয় প্রশাসনের এমনটি দাবি করেন কৃষক হাসান মিয়া। রাজাপুরের কৃষক বাকের মৃধা বলেন, আমার প্রতিবছর ইরি মৌসুমে ৪০০-৫০০ বস্তা সারের প্রয়োজন হয় তবে এবছর ইউরিয়া (চিকন) সারের বস্তা এখনো ১১০০ টাকার নিচে আমার ফার্মের কোন কৃষক কিনতে পারেনি।
সরেজমিন ইলিশা সড়কে দাঁড়িয়ে দেখা মিলছে বোরাক ভর্তি সার বহন করে যাচ্ছে দুই জন চালক। জানতে চাইলে তারা এ প্রতিবেদক কে একজন বলেন, আমার গাড়িতে ১৫ বস্তা ইউরিয়া সার, এ সার আনন্দ বাজারে মাসুদ ডিলারের বলে জানান তিনি। তিনি আরো জানান, ১২৬০০ টাকা দিয়ে ইলিশা এ্যাগ্রো ট্রেডিং থেকে ক্রয় করেছি, ক্রয় রশিদ দেখতে চাইলে বলেন দেয় না রশিদ। অপর বোরাক চালকের গাড়িতে ১০ বস্তা ইউরিয়া সার নিয়ে তিনি যাবেন মেহেন্দীগঞ্জের বাহাদুর এলাকার খুচরা বিক্রেতা আজাদ ভুঁইয়ার দোকানে। তিনি বলেন, ভোলা মহাজনপট্টি ভুঁইয়া ট্রেডার্স থেকে ৮৮০০ টাকায় ক্রয় করেছি কোন ম্যামো দেন নাই বলে জানান চালক।
সরকারি সার অতিরিক্ত মূল্যে বিক্রয়ের বিষয়ে ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজ উদ্দিন ভোলার বাণী’কে বলেন, ‘দাম বেশি নেয়ার ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সার ডিলার বা ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ভোলা বিসিআইসির ডিলারদের সংগঠন এর সভাপতি আহাম্মেদ ট্রেডার্স এর প্রোপ্রাইটর সুলতান আহমেদ ভোলার বাণী’কে বলেন, সারের কোন প্রকারের সংকট নেই, আসেন সাক্ষাতে চা খাবো কথা বলি। তবে ইলিশা এ্যাগ্রো ট্রেডিং এর প্রোপ্রাইটর মহিউদ্দিন মিয়া ভোলার বাণী’কে বলেন, আমরা সরকার নির্দেশিত দামের চেয়ে কম দামে সার বিক্রয় করি। আমরা ম্যামো দিয়ে থাকি কিন্ত ক্রেতারা ম্যামো নেন না। তবে প্রাসঙ্গিক কথা না বলে তিনিও চায়ের দাওয়াত দিয়ে কলটি লাইচ্যুত করে দেন। সুশীল সমাজের ভাষ্য বিএডিসি ও বিসিআইসি’র উচিত ডিলারদের ওপর নজরদারি বাড়ানো নইলে কৃষিকরা কৃষিকাজ করা বন্ধ করে দিবে কালের বিবর্তনে।
এ বিষয়ে ভোলা জেলা কৃষি অফিসার হাসান ওয়ারিসুর রহমান ভোলার বাণী’কে বলেন, উল্লেখিত বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়টিও আমার জানা নেই। তবে ডিলাররা ক্রেতাকে বিক্রয় রশিদ দিতে বাধ্য বলে জানান তিনি। স্ব-স্ব ইউনিয়নে ডিলারদের পয়েন্ট বা গুদামঘর আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিসিআইসির অধিকাংশ ডিলাররা উপর মহলের সাথে যোগাযোগ করে ডিলার পয়েন্ট ও গুদামঘর উপজেলা সদরে রেখেছেন। এবং উপর মহল থেকে অনুমতি নিয়ে শহরে ব্যবসা করছেন, এখন আপনি কি করবেন ? তবে সারের বিক্রয় বাজার নিয়ন্ত্রণের জন্য আমাদের মনিটরিং টিম আছে, বিগত কতদিন আগে মনিটরিং হয়েছিল ? এমন প্রশ্নের জবাব এড়িয়ে ফোনের লাইন কেটে দেন এই কর্মকর্তা।
