সর্বশেষঃ

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল একটি যাদুকরী ভাষণ : ফজলুল কাদের মজনু

মুক্তিযুদ্ধের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল একটি যাদুকরী ভাষণ যে ভাষণের যাদুতে ৭ কোটি মানুষ স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত হয়েছিল এবং পাকিস্তানী বাহিনীর সঙ্গে যুদ্ধ করে পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করতে পেরেছিল। তাই বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং স্বাধীনতা একই সূত্রে গাঁথা। সোমবার (০৭ মার্চ) বিকালে শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
তিনি বলেন, ‘মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জনের এই দীর্ঘ পথে বঙ্গবন্ধুর অপরিসীম সাহস, সীমাহীন ত্যাগ-তীতিক্ষা, বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনা জাতিকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেয়। ১৯৭১ সালের ৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীণ পাকিস্তানী শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে অসীম সাহসিকতার সঙ্গে ঢাকার রেসকোর্স ময়দানে বিকাল ৩.২০ মিনিটে লাখো জনতার উদ্দেশ্যে বজ্রকণ্ঠে ১৯ মিনিটব্যাপী যে ঐতিহাসিক ভাষণ দেন, তা ছিল মূলত বাঙালি জাতির মুক্তির সনদ এবং মুক্তিযুদ্ধকালে সকলের জন্য উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করছে। তাই আমাদের গৌরবজ্জল মহান মুক্তিযুদ্ধে এই ভাষণের অবদান অপরিসীম। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনার শুরুতে জেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্ট শাহাদতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য এবং স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনপুরা কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সেচ্ছাসেবক লীগ নেতা আকতার হোসেন, ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, নলিনী দাশ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম সাহা, ভোলা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজ মেহেরাব মোল্লা প্রমুখ।
এসময় আলোচনা সভায় উত্তর দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সহিদুল ইসলাম তালুকদার, যুবলীগ নেতা মাইনুর রহমান তুহিন মোল্লা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ সোয়েবসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।