সর্বশেষঃ

ভোলায় ইসলামিক কমপ্লেক্সে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ॥ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ভোলায় ইসলামিক কমপ্লেক্স এর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকালে জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার (প্রাইমারি) মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসাইন। সকাল ৮.৩০ টা থেকে শুরু করে দুপুর ১.৩০টা পর্যন্ত প্রায় ৭০টি ইভেন্টে ২১০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা অফিসার কামরুজ্জামান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজ যাদেরকে নিয়ে আয়োজন এরাই একদিন শিক্ষক হবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী হবে। সুতরাং এদের সুন্দর পরিচর্যা করা আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, সন্তানকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা চাকুরীর উদ্দেশ্যে নয় বরং নৈতিক ও সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর এ দায়িত্ব শুধু শিক্ষকদের নয়। এরা শিক্ষকদের কাছে থাকে মাত্র ৬/৮ঘন্টা আর বাকী ১৪/১৬ঘন্টা থাকে মায়ের কাছে। তাই এ শিক্ষার দায়িত্ব পিতা-মাতার প্রতিই বেশী বর্তায়।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজসেবা অফিসার দেলোয়ার হোসাইন প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বলেন, নৈতিক ও মানবিক উন্নতির জন্য আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বিনী শিক্ষার কোন বিকল্প নেই। আর ইসলামিক কমপ্লেক্স এ ব্যপারে অগ্রণী ভূমিকা পালন করছে।
সভাপতির বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক জাকির হোসেন মহিন বলেন, সন্তানকে এমন শিক্ষা দিতে হবে যাতে বৃদ্ধ বয়সে মাতা-পিতাকে বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। আর এটা শুধু দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়েই সম্ভব। সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনলজিক্যাল সাপোর্ট এর অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস ও সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিন। সহযোগিতায় ছিলেন সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।