সর্বশেষঃ

ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন

“সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার এর আয়োজনে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা গণগ্রন্থাগার হল রুমে দিবসটি উদযাপন উপলক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা সরকারি গণগ্রন্থাগারের ইনচার্জ মোঃ জালাল হোসেন এর সভাপতিত্বে ও বাংলাদেশ আবৃত্তি সংসদ পরিষদের নির্বাহী সদস্য মোঃ মশিউর রহমান পিংকু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ হুমায়ুন কবির, পাঠক ফোরামের আহবায়ক মোঃ জুন্নু রায়হান, মুসলিম ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মুন্সি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সভ্যতার পরিক্রমায় মানুষের চর্চিত চিন্তা-চেতনা, জ্ঞান-বিজ্ঞান, মনন, দর্শন গ্রন্থিত থাকে গ্রন্থের অক্ষরের মধ্যে। তাই গ্রন্থের আধার হিসেবে গ্রন্থাগার হচ্ছে একটি জাতির সঠিক আলোর দিশারি। জ্ঞানমনস্ক আলোকিত সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অসমান্য।

তারা আরও বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে যে স্বীকৃতি পেয়েছে সেটি একটি নেতৃত্বের কারণে। সেই নেতৃত্বের গুণাবলি শুধু রাজনীতিতে নয়। নেতৃত্বের গুণাবলি শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, নাটক, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্র থেকে আসে। এই নেতৃত্ব যদি জ্ঞান সমৃদ্ধ না হয়, দূরদর্শীতা, সততা এবং দেশপ্রেম না থাকে তবে তা দিয়ে কোনও কাজে আসবে না। তাই জ্ঞান অর্জনের মধ্যদিয়ে সত্যিকারের মানুষ হতে হবে। আর এসব জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই নিজেকে বইপুস্তক তথা গ্রন্থাগারের সাথে সম্পৃক্ত করতে হবে।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে জেলা গণগ্রন্থাগারের আয়োজনে রচনা লিখন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।