অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রাজাপুর ৩নং ওয়ার্ডে ধাওয়া পাল্টা ধাওয়া ॥ আহত-২

ভোলার রাজাপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৩নং ওয়ার্ডের আঃ সালাম ও ওহাব আলী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন প্রার্থী আঃ সালাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (দুই) আঃ সালাম মোরগ প্রতীকের প্রার্থী আঃ সালাম ভোলার বাণী’কে বলেন, ‘দুপুরে আমার কর্মীরা কেউ মাঠে ছিলো না। আমি নিজেও দুপুরের খাবার খেতে বসছি মাত্র। এমন সময় ডাক চিৎকার শুনে দেখি নৌকার ও ওহাব আলীর কর্মীরা রাম দা ও লাঠি সোটা নিয়ে আমার বাড়ির দিকে আসতেছে। আমার বাড়ির পাশে আমার কর্মী আবু তাহের বকশি, শাজাহান বেপারি, ও কালু খাঁ এর ঘর কুপিয়ে লন্ডভন্ড করেছেন তারা। অতপর আমার বাড়িতে এসে আমার ২ জন কর্মী আহত করেছেন। আহতদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক। সকলেই যাতে সবার কাছে ভোট চাইতে পারে এমন পরিবেশের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।
এ বিষয়ে জানতে টিউবওয়েল প্রতীকের প্রার্থী ওহাব আলী বলেন, বর্তমান নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খাঁনের সাথে আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আঃ সালামের বিগত নির্বাচন থেকে মামলা মোকদ্দমা চলমান। একই সাথে আমার সমর্থক বাবুল রাড়ীর সাথেও তার মামলা মোকদ্দমা চলমান। সালাম ও বাবুলের পুর্ব শত্রুতার জের ধরে বাবুলকে বিল থেকে ধাওয়া করে সালাম গ্রুপের কর্মীরা। তারা বাবুলকে পিটিয়ে গুরুতর আহত করে তার বসতঘর এলোপাথারি কুপিয়ে লন্ডভন্ড করেছেন বলে দাবি করেন ওহাব আলি। এবিষয়ে ওহাব আলীর একজন কর্মীর হাতে ধারালো অশ্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত বলেও দাবি ওহাব আলীর।
স্থানীয় সাধারণ ভোটাররা বলেন, গতকাল দুপুর তিনটার দিকে দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ উদ্দীন ভোলার বাণী’কে জানান, এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। পুলিশের কার্যকরি ভুমিকায় এখন শান্ত। নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমি সর্বাত্মক চেষ্টা করছি পুলিশ মোতায়েন করা হয়েছে। ২ প্রার্থীকেই নির্বাচনী আচরণ-বিধি মানতে এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য বলা হয়েছে।
