লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
ভোলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নৌকার প্রার্থীর হুঁশিয়ারি
নৌকার বৈইডা যদি হাতে লই, তাইলে কেন্দ্রে আর তোগরে টোগাইয়া পাওয়া যাইবো না

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাকে নির্বাচিত করার জন্য প্রতিটি কেন্দ্রে ২০০ করে নৌকার বৈইঠা পাঠানো হবে বলে ভোটারদের হুঁশিয়ারি দিয়েছেন নৌকার প্রার্থী মো. আবদুল হাই। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে ভেদুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দালাল বাড়িতে ভোটারদের সঙ্গে এক উঠান বৈঠকের সময় তিনি প্রতিপক্ষ প্রার্থী ও তার সমর্থকদের উদ্দেশ্য এ কথা বলেন।
তিনি আরো বলেন, তোরা আমারে বৈডার কথা মনে করাইয়া ভূল করছোস, নৌকার বৈইডা যদি হাতে লই তাইলে কেন্দ্রে আর তোগরে টোগাইয়া পাওয়া যাইবো না। এখন থেকে নৌকারে জিতানোর লইগা প্রতি কেন্দ্রে ২০০ কইরা বৈইডা পাঠানো হবে ইনশাআল্লাহ। সবাই ৫ তারিখ নৌকায় ভোট দিবেন, কোন ঝামেলা হলে কেন্দ্রের বাইরে নৌকার বৈইঠা হাতে আমার কর্মীরা থাকব। তাগোরে কইবেন, কাউরে ছাড় দেওয়া হইব না।’ এই ধরনের বক্তব্য নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে বিষয়টি নিয়ে সাধারন ভোটারদের মাঝে নিন্দা ও ক্ষোভে সঞ্চার হয়।
সাধারণ ভোটাররা বলেন, চেয়ারম্যান হওনের আগেই প্রার্থীর এই কথা চেয়ারম্যান হইলেতো মাষ্টার মশাই বৈঠার ঢর দেখাইয়া ইউনিয়ন সাভার কইরা দিব। ভোটাররা অভিযোগ করে বলছেন, নির্বাচনী প্রতিটি সভায় ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করা এবং নির্বাচনের দিন কেন্দ্রে কর্মীরা বৈইঠা হাতে নিয়ে থাকবেন বলে প্রচার করে ভোটারদের মধ্যে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাচ্ছেন হাই মাষ্টার।
এই উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি-১ মনির মাস্টার, সহ-সভাপতি-২ মোশাররফ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম, সাংগঠনিক সম্পাদক চুন্নু ডাক্তার, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বাবুল প্রমুখ।
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে আমার প্রতিদ্বন্দ্বী ‘বিদ্রোহী’ প্রার্থীরা নানাভাবে আমার ভোট নষ্ট করার জন্য ভোটারদের কাছে বলে বেড়াচ্ছে। ভোলার অভিভাবক তোফায়েল আহমেদ আমাকে দল থেকে নৌকা দিয়েছেন, কিন্তু বিজয়ের জন্য বৈঠা দেননি। তাই তাদের উদ্দেশ্যে ওই দিন মুখ ফসকে এই কথাগুলো বেরিয়ে গেছে। এখানে ভোটারদের উদ্দেশ্য করে আমি কিছুই বলিনি।
