টানা বৃষ্টিতে মাটিতে মিশল চরফ্যাশনের তরুণ উদ্যোক্তা ফাহাদের স্বপ্ন
ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা সদর উপজেলায় আয়শা আক্তার নুপুর (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে ঘুইংগার হাট বাজার সংলগ্ন স্বামীর ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আয়শা আক্তার নুপুর সদর উপজেলার চরসামাইয়া ১নং ওয়ার্ডের বিল্লাল হোসেনের মেয়ে এবং সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মো. আরিফ এর স্ত্রী। নুপুর ও আরিফ দম্পতির দেড় বছরের একটি ছেলে সন্তান আছে।
নিহত নুপুরের বাবা বিল্লাল হোসেন বলেন, ‘নুপুরের সঙ্গে তার স্বামী আরিফের চার বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের বছর খানেক পর থেকেই স্বামী আরিফ নানাভাবে যৌতুকের জন্য নির্যাতন করতো। এই নির্যাতনের পরে মেয়ে আমাকে ফোন করে বলে বাবা আমায় কিছু দেন নাই বলে আমাকে এমন নির্যাতন করে। আমি কিছু দিন আগেও তাকে ব্যাংক থেকে লোন নিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়েছি। এতো টাকা দেওয়ার পরেও আমার মেয়ের শান্তি হইলো না।’
ভোলা সদর মডেল থানার এসআই সোহাগ জানান, খবর পেয়ে ওই নারীর ঝুলন্ত লাশ পুলিশ সদস্য ও স্থানীয়ভাবে লোকজন নিয়ে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘুইংগার হাট বাজার থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা।
