সর্বশেষঃ

ভোলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) সকালে সরকারের নির্দেশনা অনুসারে ভোলা জেলা প্রশাসন এর আয়োজনে স্বল্প পরিসরে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় দিনটি।

এদিন সকাল ৮ টায় ভোলা জেলা গজনবী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ভোলার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এছাড়াও উপস্থিত ছিলেন- ভোলার জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ। পরে সীমিত আয়োজনে কুচকাওয়াজ ও প্যারেড পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক বলেন, মহান মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে হারিয়ে স্বাধীনতা অর্জন করেছি। এবার আমাদের যুদ্ধ করোনা ভাইরাসের বিরুদ্ধে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারও এই যুদ্ধে আমরা জয়লাভ করবো।

জেলা প্রশাসক করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

এর আগে ভোর ৬ টায় ভোলা জেলা প্রশাসক চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে এবং সোয়া ৬ টায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ভোলা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন দপ্তরসহ সর্বস্তরের মানুষ। এসময় শহীদদের স্মরণে নীরবতা পালন করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।