বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩রা মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

প্রস্তুতিমূলক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন এর উদ্যোগে বেশ কিছু কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বলা হয়েছে এবছর দিবসটি উৎসবমুখর ও যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি করা, সকল সরকারি, আধা-সরকারি, সায়ত্ত্বশাসিত, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় ডিসি অফিসসহ বঙ্গবন্ধুর সকল প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন, মসজিদ মন্দির ও গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাবার/মিষ্টান্ন বিতরণ, হাসপাতাল কারাগার শিশু পরিবার ও এতিমখানায় মিষ্টান্ন বিতরণ ও উন্নত মানের খাবার পরিবেশন, ব্যানার ফেস্টুন ইত্যাদির মাধ্যমে শহর সজ্জিত করণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ভাবে সীমিত পরিসরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন, জেলা তথ্য অফিসের আয়োজনে এলইডি স্ক্রিনে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শন, বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, উদ্ধৃতি ও জন্মশতবার্ষিকীর লোগ সম্বলিত নান্দনিক ব্যানার ভবনের সাথে ব্যবহার, জেলা শহরে দশ দিন ব্যাপী কেন্দ্রীয় অনুষ্ঠানমালা এলইডি স্ক্রিন বা প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার এবং উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সম্প্রচারের ব্যবস্থা করা।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, গতবছর করোনা ভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী সীমিত পরিসরে উদযাপন করা হয়েছে। সরকারিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর সময়কাল বৃদ্ধি করায় এবছর আমরা জেলা প্রশাসেরন পক্ষ থেকে উৎসবমুখর পরিবেশে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করবো।

এসময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবুল কালাম আজাদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।