ভোলায় ভোক্তা অধিকারের অভিযান ॥ ৬০ হাজার টাকা জরিমানা

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান কর্তৃক ভোলা জেলার সদর উপজেলার খালপাড় মশলার দোকানসমূহে অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন তারা।

তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেসার্স হাসান ফ্লাওয়ার মিল, মেসার্স মজিবল ফ্লাওয়ার মিল, মেসার্স মহিব এন্টারপ্রাইজ প্রত্যেককে অপরিচ্ছন্ন পরিবেশে ভাঙানো মশলা প্রক্রিয়াজাত করনের অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভবিষ্যতে পরিচ্ছন্ন পরিবেশে মশলা ভাঙানোর জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সদর থানার একটি টিম নিরাপত্তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
