কারাগারে এক বন্দিকে পিটিয়ে মারলো আরেক বন্দি

কিশোরগঞ্জ জেলা কারাগারের ১১ নম্বর সেলে ধর্ষণ মামলার এক বন্দির হামলায় আব্দুল হাই (২৭) নামে আরেক বন্দি নিহত হয়েছেন। এই ঘটনায় জাহাঙ্গির নামে আরও এক বন্দি আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই কিশোরগঞ্জ সদরের শিমুলহাটি গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।
অপরদিকে হামলাকারী মো. সাইদুল মিয়া তাড়াইল উপজেলার মাইজহাটি কলম গ্রামের বাসিন্দা। আহত বন্দি জাহাঙ্গিরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে এ ঘটনায় আইজি প্রিজন ও জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ জানান, ১১ নম্বর সেলে বিভিন্ন মামলায় গ্রেপ্তার পাঁচজন বন্দি রয়েছেন। তারা সবাই কিছুটা মানসিক ভারসাম্যহীন। ভোর ৪টার দিকে ধর্ষণ মামলার আসামি মো. সাইদুল মিয়া সেলের বাথরুমের দরজার কাঠ ভেঙে আবদুল হাই ও জাহাঙ্গিরকে পিটিয়ে গুরুতর আহত করেন। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ঘটনার পর কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।