ভোলা পৌরসভায় নৌকার মেয়র প্রার্থীর কর্মী সভা শুরু

পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোলায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মী সভা শুরু। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোলায় কর্মী সভা শুরু করেছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির। সোমবার বিকেলে শহরের উকিলপারা এলাকায় পৌরসভার ১নং ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মেয়র নির্বাচিত হয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান নৌকা প্রতীকে নির্বাচন করা মোহাম্মদ মনিরুজ্জামান। ইভিএমে ভোটগ্রহণ হবে উল্লেখ করে নৌকা প্রতীকে নির্বাচন করা এ মেয়র প্রার্থী জানান, কেউ ব্যালট চুরির মাধ্যমে নির্বাচিত হতে পারবে না। কর্মী সভায় তিনি ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান।
গত এক দশকে ভোলা পৌরসভায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে উল্লেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আমরা পৌরবাসীকে সকল সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করেছি। এরপরও যদি কোনও ভুল ত্রুটি থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অবিনাশ নন্দী, সাবেক কৃষক লীগের নেতা নুরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভা শেষে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অবিনাশ নন্দীসহ ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি।
