ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

“মুজিববর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার এর আয়োজনে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা গণগ্রন্থাগার অডিটোরিয়ামে দিবসটি উদযাপন উপলক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলতাজের রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহান জেব আলম এর সভাপতিত্বে ও জীবনপূরাণ আবৃত্তি একাডেমির সভাপতি মোঃ মশিউর রহমান পিংকু’র সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাঠক ফোরামের আহবায়ক মোঃ জুন্নু রায়হান, জেলা সরকারি গণগ্রন্থাগার এর ইনচার্জ মোঃ জালাল হোসনে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সিএ মোঃ তরিকুল ইসলাম, ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী শাফায়াত হোসেন সিয়াম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ থেকে নিরক্ষরতা ও চিন্তার পশ্চাৎপদতা দূরীকরণ, অর্জিত শিক্ষার সংরক্ষণ ও সম্প্রসারণ, স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার পরিবেশ সৃষ্টি, একটি সহনশীল, পরমতসহিঞ্চু সামাজিক ও গণতান্ত্রিক চেতনাবোধের সৃষ্টি, সর্বোপরি জনসাধারণের মাঝে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য।

তারা আরও বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে যে স্বীকৃতি পেয়েছে সেটি একটি নেতৃত্বের কারণে। সেই নেতৃত্বের গুণাবলি শুধু রাজনীতিতে নয়। নেতৃত্বের গুণাবলি শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, নাটক, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্র থেকে আসে। এই নেতৃত্ব যদি জ্ঞান সমৃদ্ধ না হয়, দূরদর্শীতা, সততা এবং দেশপ্রেম না থাকে তবে তা দিয়ে কোনও কাজে আসবে না। তাই জ্ঞান অর্জনের মধ্যদিয়ে সত্যিকারের মানুষ হতে হবে। আর এসব জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই নিজেকে বইপুস্তক তথা গ্রন্থাগারের সাথে সম্পৃক্ত করতে হবে।

এর আগে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ এর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াত করেন আনাস বিন মালেক (রঃ) ইসলামি কমপ্লেক্স এর শিক্ষার্থী মোঃ মোয়াজ ও গীতা পাঠ করেন ভোলা সরকারি কলেজ এর শিক্ষার্থী অন্তর চন্দ্র রায়।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে জেলা গণগ্রন্থাগারের আয়োজনে রচনা লিখন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
