ভোটের সময় অনেকেই আসবে, যোগ্য প্রার্থী বেছে নিন” — ভোটারদের উদ্দেশ্যে শামসুদ্দিন মাতাব্বর
ভোলা পৌর নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মনিরুজ্জামান এর মনোনয়ন পত্র দাখিল

পঞ্চম দফায় আগামী ২৮ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোলা পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মঙ্গলবার (২রা ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং কর্মকর্তা আলা উদ্দিন আল মামুন এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি। এ ধাপের ৩১টি পৌরসভায় সবগুলোতেই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে এবং ২৮ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
মনোনয়ন পত্র দাখিলের সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সহ-সভাপতি দোস্ত মাহমুদ, বাহালুল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিলের পর ভোলা পৌরসভার বর্তমান মেয়র ও আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির গণমাধ্যম কর্মীদের বলেন, আমি ভোলা পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে গত ১০ বছর যে উন্নয়ন মূলক কাজ করেছি তা স্বাধীনতার পর অন্য কেউ করতে পারেনি। বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় আছে আর আমি যেহেতু আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তাই ভোলা পৌরসভার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে পৌরবাসী আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় মেয়র নির্বাচিত করবে।
তিনি বলেন, ভোলা পৌরবাসী যদি আমাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে তাহলে আমার অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ গুলো দ্রুত সম্পন্ন করবো। ভোলা পৌরসভার যেসব সড়ক ভাঙ্গা আছে সেগুলোর দ্রুত কাজ সম্পন্ন করবো। ইতোমধ্যে ৩৭ কিলোমিটার ড্রেনের কাজ হয়েছে বাকি অসমাপ্ত ড্রেনের কাজ এবং ভোলা সরকারি স্কুলের মাঠের অসমাপ্ত কাজ শেষ করবো। ভোলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মোফাজ্জল হোসেন শাহিন এর নামে বাংলা স্কুল পুকুর ভরাট করে একটি অডিটোরিয়াম করার পরিকল্পনা আছে। এসব কাজ বাস্তবায়ন হবে আমাদের নেতা ভোলা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এর মাধ্যমে।
