নৌকা প্রতিক পেলেন ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান ॥ গণসংবর্ধনা

সারাদেশে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোলা পৌরসভার নির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থী ২বার নির্বাচিত মেয়র মনিরুজ্জামান মনিরের নৌকা প্রতিকের মনোনয়ন নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয় নাগরিকদের মাঝে। কে পাচ্ছেন দলীয় মনোনয়ন এ নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে পৌরবাসীকে। ৫ম তফসিল ঘোষণার পর আ’লীগ দলীয় অনেকের প্রার্থী হওয়ার নাম শোনা গেলেও মাত্র দুইজন দলীয় প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় নিশ্চিত হলেও মার্কা চুড়ান্ত না হওয়ায় অস্থিরতার দিন পার করছিলেন নেতা-কর্মীরা।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৩০ জানুয়ারী মনোনয়ন বোর্ড ভোলা পৌরসভার পরপর দুই বার নির্বাচিত মেয়র মনিরুজ্জামান মনিরকে নৌকা প্রতিকের প্রার্থী চুড়ান্ত ঘোষণা করেন। এ খবর শুনে তাৎক্ষনিক ভোলা শহরে আনন্দ মিছিল করে আ’লীগ দলীয় কাউন্সিলর প্রার্থীরা। ৩১ জানুয়ারী (রবিবার) বিকেলে শহরের বাংলাস্কুল মাঠের ভাষানী মঞ্চে মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির নৌকা প্রতিক পাওয়ায় পৌরবাসী ব্যাপক গণসংবর্ধনার আয়োজন করে। এসময় মেয়র মনিরুজ্জামান দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলাবাসীর অভিভাবক জননেতা তোফায়েল আহমেদ এম.পি’কে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি ২ বার নির্বাচিত মেয়র হয়ে অভূতপূর্ব উন্নয়ন করেছি। দীর্ঘ সময়ে কাজ করতে গিয়ে আমার ভুলত্রুটি হতে পারে। এমন ভুলত্রুটির হয়ে থাকলে মার্জনার জন্য ভোলা পৌরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। এবং আগামী ২৮ ফেব্রুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে তৃতীয় বারের জন্য মেয়র নির্বাচিত করারও আহ্বান জানান। এসময় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগণ ও পৌরবাসীগণ ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ভোলা পৌর আ’লীগ সভাপতি নাজিবুল্লাহ নাজু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, ভোলা সদর আ’লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।
