দুই প্রার্থীর ৭ সমর্থক আহত ॥ এক পক্ষের সংবাদ সম্মেলন
ভোলা পৌরসভা নির্বাচন ॥ দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার মধ্য দিয়ে সরগরম হয়ে উঠেছে ভোলা পৌরসভা নির্বাচন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ভোলা পৌর সভার ১নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই প্রার্থীর অন্তত ৭ জন সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার পৌর ১নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পৌর ১নং ওয়ার্ডের ইলিশা বাসস্ট্যান্ড ভদ্রের পোল সংলগ্ন এলাকা ও স্টেডিয়াম রোড এলাকায় এ ঘটনা ঘটে। দুই কাউন্সিলর প্রার্থী হলেন, অবিনাশ নন্দী ও মঞ্জুরুল আলম। এ ঘটনায় দুই প্রার্থীর অন্তত ৭ সমর্থক আহত হয়েছে। ঘটনার বিষয়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা বক্তব্য দিচ্ছেন।
এ ঘটনার প্রেক্ষিতে দুপুর ১টায় ভোলা কুইন আইল্যান্ড কিচেন হোটেলে কাউন্সিলর প্রার্থী অবিনাশ নন্দী সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে অবিনাশ নন্দী জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি ও তাঁর ১৫ থেকে ২০ জন সমর্থক ভদ্রের পোল সংলগ্ন এলাকায় তাঁর পক্ষে সমর্থন ও ভোটের প্রচারণা চালাচ্ছেন। এমন সময় তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মঞ্জুরুল আলম ও তাঁর আপন বড় ভাই বিএনপি নেতা রাইসুল আলম, ইয়ারুল আলম লিটন, মাইনুল আলমসহ ২৫ থেকে ৩০ জন দেশীয় অস্ত্র, রামদা, লোহার রড ও চাইনিজ কুড়াল নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি ও তাঁর সমর্থক মোস্তফা চৌধুরী, নোমান, পার্থ নন্দী, সুমন দে ও শুভসহ ৫ থেকে ৭ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল ইসলাম দাবি করেন, প্রতিপক্ষ অবিনাশ নন্দির সমর্থকরা তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এতে করে তার ১ সমর্থক আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।
