ভোলায় অবৈধভাবে ইটের ভাটা পরিচালনা করায় ইলিশা ব্রিক্স’র ২ লক্ষ টাকা জরিমানা

সরকারি নীতিমালা অগ্রাহ্য করে অবৈধভাবে ইটের ভাটা পরিচালনা করায় ভোলায় মেসার্স ইলিশা ব্রিক্সকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪ টায় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা এলাকায় অবৈধভাবে ইটের ভাটা স্থাপনা ও পরিচালনার বিরুদ্ধে অভিযানে নামে ভোলা জেলা প্রশাসন। এসময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে বেঞ্চ সহকারী মোঃ ইউসুফ আলী উপস্থিত ছিলেন। এসময় দেশের প্রচলিত আইন অমান্য করে ইটের ভাটা পরিচালনা করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ৮ ধারা মোতাবেক মেসার্স ইলিশা ব্রিক্স এর মালিক মোঃ মাকসুদ এর কাছ থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এসম্পর্কে অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম ভোলার বাণী’কে বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করে অবৈধভাবে কেউ ইটের ভাটা স্থাপন ও পরিচালনা করতে পারবে না এমন বিধান রয়েছে। ইলিশা ব্রিক্স অবৈধভাবে ইটের ভাটা পরিচালনা করায় তাকে জরিমানা করা হয়েছে। এসময় জেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
