সর্বশেষঃ

টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগ, সংসদ সদস্যের বাড়িতে হামলা এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার ধৈর্য ধরছে। তবে আত্মরক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করতে পারবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছে। পাশাপাশি একজন সংসদ সদস্যের বাড়িতেও হামলা চালিয়েছে। আগুন দিয়ে মানুষ পোড়ানোই তাদের স্বভাব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আজ হোক, কাল হোক— ভিডিও ফুটেজ দেখে যারা থানা জ্বালিয়েছে, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে, পুলিশের গায়ে হাত দিয়েছে এবং গাড়ি পুড়িয়েছে, তাদের সবাইকে আইনের হেফাজতে নেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দেশে তথাকথিত পতিত শক্তি, যারা পালিয়ে গেছে, তারা রাজনীতি করতে পারবে না।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটির চরিত্রে ভদ্রতা, সভ্যতা ও গণতন্ত্রের চর্চা নেই; বরং রয়েছে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণ। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা বাংলাদেশের জন্য নিজেদের অগ্রহণযোগ্যতা প্রমাণ করছে বলেও মন্তব্য করেন তিনি।

এখনও পর্যন্ত ধৈর্য ধরে আসছি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ বুঝুক, আওয়ামী লীগ কী চায়। সেই অনুযায়ী তাদের প্রতিহত করবো। হুমকি-ধামকি ও টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি মনে করে, তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেবো—এই বাংলাদেশে আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।

এ সময় সীমান্তের ওপার থেকে উসকানিদাতাদের পাতা ফাঁদে পা না দিতে গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।