ভোলা সরকারি কলেজের কবি নজরুল হলের শিক্ষার্থীদের পাশে ছাত্রদল, দিল বই উপহার।

ভোলা সরকারি কলেজের কবি নজরুল হল ছাত্রাবাসের শিক্ষার্থীদের পড়াশোনা ও চাকরির প্রস্তুতিতে সহায়তা করতে বই বিতরণ করেছে ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের পৃষ্ঠপোষকতায় এবং কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. তানভীর হোসেন শুভর ব্যবস্থাপনায় এ উদ্যোগ নেওয়া হয়। এতে ছাত্রাবাসের চাকরিপ্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা বই উপহার পান।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল হলের তত্ত্বাবধায়কদ্বয় সহকারী অধ্যাপক মো. এরশাদ এবং প্রভাষক মো. এমরান হোসেন।
এ সময় শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে বই পড়ার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে চাকরির প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পাঠ্যবইয়ের পাশাপাশি সহায়ক বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদলের এ উদ্যোগকে তাঁরা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি জ্ঞানচর্চায় আগ্রহী করে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য। বইগুলো চাকরিপ্রত্যাশীদের প্রস্তুতিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে কবি নজরুল হল ছাত্রাবাসের শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে বই তুলে দেওয়া হয়।
