সর্বশেষঃ

শারদীয় দুর্গাপূজা ঘিরে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলায় জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোলা জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। জেলার ১১৮টি পূজামণ্ডপে নিয়োজিত পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী গুজব ও উসকানিমূলক তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পূজামণ্ডপে আগত নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইভটিজিংসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া সন্দেহজনক ব্যক্তি ও পরিত্যক্ত বস্তু সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখা এবং জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও সংশ্লিষ্ট কন্ট্রোল রুমের সঙ্গে দ্রুত যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ভোলা জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।

ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।