ভোলায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ভোলায় বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বালিকা বিদ্যালয়ে এ চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী সারাদেশে চলমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের ডেঙ্গুর কারণ, এডিস মশার প্রজননস্থল, ডেঙ্গু প্রতিরোধের উপায় এবং বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
ডেঙ্গু প্রতিরোধে কোথাও জমে থাকা পানি পরিষ্কার করা, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে পানি জমতে না দেওয়া এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
