সর্বশেষঃ

মনপুরায় ঢিলেঢালাভাবে চলছে মা ইলিশ রক্ষা অভিযান, অবাধে ইলিশ শিকারের প্রস্তুতি

ঘাটে ঘাটে বরফ ও জাল নিয়ে প্রস্তুত ৪০ নৌকা, অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

ভোলার মনপুরায় মা ইলিশ রক্ষা অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলার বিভিন্ন ঘাটে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন ট্রলারমালিক ও জেলেরা। অভিযোগ উঠেছে, কিছু নৌকায় অভিযান চালানো হলেও অনেক নৌকা রয়ে যাচ্ছে অভিযানের বাইরে। এতে মা ইলিশ রক্ষায় প্রশাসনের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ঘাট ঘুরে দেখা যায়, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার মৎস্য ঘাট, মাঝেরঘাট ও আনন্দ বাজার ব্রিজ ঘাটসহ একাধিক ঘাটে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে নৌকাগুলো। এসব ঘাটের তিনটি স্থানে বরফ ও জাল বোঝাই করে অন্তত ৪০টি নৌকাকে প্রস্তুত অবস্থায় দেখা গেছে।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, প্রশাসনকে ম্যানেজ করে কিছু ছোট নৌকা নিয়মিত মেঘনা নদীতে মাছ শিকার করছে। তাঁদের দাবি, বিভিন্ন ঘাটে নৌকায় জাল ও বরফ মজুত করে রাখা হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব নৌকা শিগগিরই নদীতে নামতে পারে।

স্থানীয়দের অভিযোগ, মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হলেও সব নৌকাকে এর আওতায় আনা হচ্ছে না। ফলে নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার বন্ধ রাখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা কাজল রেখা বলেন, “আমরা অভিযান চালিয়েছি। তবে জনবলসংকটের কারণে সব নৌকায় অভিযান দিতে পারিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আবারও অভিযান পরিচালনা করব। তা না হলে আমাদের নিয়েও প্রশ্ন উঠবে।

অন্যদিকে, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, আমরা সব নৌকায় অভিযান চালিয়েছি। প্রয়োজনে আবারও অভিযান পরিচালনা করা হবে।

 

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।