সর্বশেষঃ

ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকা বরাদ্দ, প্রধানমন্ত্রী ও পার্থকে শুভেচ্ছা

ভোলার সদর উপজেলার শিবপুরে নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প বরাদ্দের খবরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণসমাবেশ করেছেন তাঁরা।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে শিবপুর ইউনিয়নের স্লুইসগেট এলাকায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) শিবপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন বিজেপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাইনুদ্দিন মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, রুমি সিকদার, পৌর শ্রমিক পার্টির সভাপতি মো. জাকির হোসেন, ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো. জাবেদ, বিভিন্ন ওয়ার্ডের বিজেপি সভাপতি, স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কবলে পড়ে শিবপুরসহ আশপাশের এলাকার অসংখ্য মানুষ ঘরবাড়ি, বসতভিটা ও সহায়-সম্বল হারিয়েছেন। নদীভাঙন এখানকার মানুষের জন্য দীর্ঘদিনের এক আতঙ্কের নাম। এমন পরিস্থিতিতে ভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প বরাদ্দের খবরে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁরা আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙনের কবল থেকে শিবপুরের বিস্তীর্ণ জনপদ রক্ষা পাবে। পাশাপাশি মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে মাইনুদ্দিন মিয়া বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, পার্থ এমপি হলে মন্ত্রী হবেন, আর মন্ত্রী হলে ভোলার নদীভাঙন রোধসহ ব্যাপক উন্নয়ন করবেন। তারই ধারাবাহিকতায় শিবপুর ইউনিয়নের নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে।’

তিনি আরও বলেন, নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ শিবপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি এখন বাস্তবায়নের পথে। তবে প্রকল্পের কাজ দ্রুত শুরু করার পাশাপাশি এর স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ বাস্তবায়নের দাবি জানান তিনি।

সমাবেশে স্থানীয় বিজেপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।