সর্বশেষঃ

কৃষকের ১২ দফা দাবি নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠক

সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি ও রশিদ প্রদান নিশ্চিতের আশ্বাস

কৃষকের ১২ দফা দাবি নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিমের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল। বৈঠকে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, সারের সঠিক ওজন নিশ্চিত করা, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং সার কেনার রশিদ প্রদান নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রান্তিক কৃষকদের বিভিন্ন সমস্যা, কৃষি উপকরণের ন্যায্যমূল্য এবং উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা।

বৈঠকে সার বিক্রিতে অনিয়মের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। মহাপরিচালক জানান, কোনো সার ডিলার বিক্রির রশিদ না দিয়ে অতিরিক্ত অর্থ দাবি করলে সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তাকে জানাতে হবে। অভিযোগ জানানোর পরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাবুদ্দীন ফরাজীর নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ফুয়াদ সাকি, দপ্তর সম্পাদক মোল্লা জসিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত এনামুল হক চৌধুরী এবং ঢাকা জেলা আহ্বায়ক আশরাফ উজ্জামান খান।

বৈঠকে জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ের কৃষি উন্নয়নবিষয়ক সভায় কৃষক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা, সার বিতরণব্যবস্থায় স্বচ্ছতা প্রতিষ্ঠা, কৃষি উপকরণের ন্যায্যমূল্য বজায় রাখা এবং কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করার দাবি জানানো হয়।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, কৃষকের অধিকার রক্ষায় মাঠপর্যায়ের সমস্যাগুলোর কার্যকর সমাধান জরুরি। সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, সঠিক ওজন নিশ্চিত করা, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং সার কেনার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে রশিদ প্রদানের মাধ্যমে কৃষকের হয়রানি বন্ধ করতে হবে।

এ ছাড়া জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে কৃষি উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে উৎপাদন খরচ কমানো এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।